টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভারে ২ উইকেটে ১২৭ রান। ৯০ বলে ৬২ রানে অপরাজিত রয়েছেন হৃদয়। প্রথম ইনিংসের রানসহ দুই ইনিংসে তার মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩০৪ রান।

এর আগে এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মুমিনুল হকের দখলে। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ১৭৬ ও ১০৫ রান করে মোট ২৮১ রান করেছিলেন তিনি।

তালিকার পরের অবস্থানে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ২৭৩ রান করেছিলেন তিনি। এছাড়া ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টে তার সংগ্রহ ছিল ২৭০ রান।

এবার মুমিনুল ও শান্তকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন তাওহিদ হৃদয়। এক টেস্টে ৩০০ রানের অনন্য কীর্তি গড়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন এই ডানহাতি ব্যাটার।