শ্রীমঙ্গলের সাতগাঁও বাজারে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখা, মৌলভীবাজারের উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রদ্যোৎ কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার আলমগীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক প্রণয় দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূবালী ব্যাংক শ্রীমঙ্গল পর্যটন নগরী উপশাখার ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে প্রদ্যোৎ কান্তি দাশ বলেন, ক্যাশলেস ব্যাংকিং আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে নগদ টাকা বহনের ঝুঁকি ও লেনদেনের সময় কমে আসে। একই সঙ্গে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হয়। ডিজিটাল লেনদেনের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক কাজ করছে। ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থায় অভ্যস্ত হলে দেশের আর্থিক খাত আরও আধুনিক ও গতিশীল হবে।