ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের লক্ষ্যে বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে এ সমীক্ষা শেষ হবে। প্রতিবেদন পাওয়ার পর সেতু দুটির চূড়ান্ত অবস্থান, নকশা ও আনুমানিক ব্যয় নির্ধারণ করা হবে।
বৈঠকে দ্বিতীয় পদ্মা সেতুর যাতায়াত ব্যবস্থা আরও সহজ করতে ওয়াই আকৃতির সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের মাধ্যমে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়টি গুরুত্ব পায়।
এ ছাড়া দেশের পানি ব্যবস্থাপনা ও সুরক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়েও আলোচনা হয়। শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ব্যারেজের ওপর দিয়ে সড়ক যোগাযোগের সম্ভাবনা পর্যালোচনা করা হয়।
সভায় তিনটি মেগা প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন, জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
মন্তব্য করুন