ই-রিকশা নিবন্ধনের ফরম বিতরণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অটোরিকশাচালকদের হাতে নিবন্ধন ফরম তুলে দেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

তিনি জানান, ফরম সংগ্রহ বা জমা দেওয়ার অর্থ ই-রিকশা চলাচলের অনুমতি নয়। আবেদন যাচাই-বাছাইয়ের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি ছাড়পত্র নিতে হবে। এ ছাড়া নির্ধারিত ওয়ার্কশপে তৈরি করতে হবে এসব রিকশা।

প্রশাসক আরও জানান, থানা বা ওয়ার্ডভিত্তিক চার্জিং পয়েন্ট স্থাপন এবং কোন এলাকায় কতটি ই-রিকশা চলাচল করবে, তা পরবর্তী সময়ে নির্ধারণ করবে সিটি করপোরেশন।