“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মুন্সি প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বিশাল যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে না পারলে কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। যুবসমাজকে বেকার না রেখে তাদের স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকারের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্নমুখী প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান করে আসছে। যুবসমাজকে মাদকমুক্ত থেকে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দশজন সফল যুব উদ্যোক্তাদের হাঁস মুরগির খামার, মৎস্য চাষ ও গাভী পালন প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ ৭৫ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়।