ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ঝালকাঠিতে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৪ অক্টোবর) সকালে শহরের বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে চারটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় দেশব্যাপী চলমান ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

অভিযানে র‍্যালি ও জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে লার্ভিসাইড প্রয়োগ, ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন এবং বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা ও আইনবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন অভিযানের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নিয়মিত তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে চারটি মামলায় মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টরা বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গুর বিস্তার রোধ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।