চার-ছক্কার ঝড়, ব্যাটারদের বিধ্বংসী ব্যাটিং—টি-টোয়েন্টির এই যুগে দ্রুত রান তোলাই যেন ব্যাটারদের প্রধান লক্ষ্য। তবে ক্রিকেট যে শুধু রান করার খেলা নয়, প্রয়োজনে উইকেট আগলে রাখাও যে বড় কৃতিত্ব, তা দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটার ম্যাক্স ফিল্ড।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লর্ন পার্কে সম্প্রতি দুই দিনের দ্বিতীয় গ্রেডের জেলা ক্রিকেটে মুখোমুখি হয় নর্দার্ন সাবআর্বস ও ইস্টার্ন সাবআর্বস। ম্যাচের শেষ দিকে দলের বিপর্যয় সামাল দিতে ক্রিজে অবিচল থাকার দায়িত্ব নেন ইস্টার্নের ওপেনার ফিল্ড। প্রতিপক্ষের বোলারদের লক্ষ্য ছিল উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করা। অন্যদিকে ফিল্ডের লক্ষ্য ছিল যতক্ষণ সম্ভব উইকেট আগলে রাখা।

নিজের লক্ষ্যে অবিচল থেকে ১৩২ বল মোকাবিলা করেও কোনো রান করেননি ফিল্ড। অর্থাৎ, দীর্ঘ সময় ক্রিজে থেকেও তাঁর সংগ্রহ ছিল শূন্য। দ্রুত রান তোলার প্রবণতার বিপরীতে তাঁর এই ধৈর্যশীল ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে।

ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৪৫৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে নর্দার্ন সাবআর্বস। জবাবে ইস্টার্ন সাবআর্বস প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফিল্ডের দৃঢ়তায় ইস্টার্ন ৪৬ ওভারে ৬৬ রান তোলে। শেষ পর্যন্ত দুই অধিনায়ক ড্র মেনে নিলে ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়।

ম্যাক্স ফিল্ডের ১৩২ বল খেলে শূন্য রানে অপরাজিত থাকার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই তাঁর এই ইনিংসকে টেস্ট ক্রিকেটের ধৈর্য ও আত্মনিবেদনের অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।