দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মেশিন কেনার ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ‘জাতীয় ক্যানসার সম্মেলন ২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য ক্যানসার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারণের সমন্বয়’।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যানসার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও অপসারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা থাকবে না। রোগীরা যাতে দেশের ভেতরেই আধুনিক চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে। ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। স্বাস্থ্য খাতের বাজেটের বড় অংশ ক্যানসার চিকিৎসায় ব্যয় করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য দেশে প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। প্রয়োজনে তাঁদের তিন মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়।
স্বাস্থ্য খাতের অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ১৭ বছরের শাসনামলে এ খাত অনেক পিছিয়ে গেছে। এখন স্বাস্থ্য খাতে কারও গাফিলতি সহ্য করা হবে না। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না বলেও সতর্ক করেন তিনি।
জাতীয় ক্যানসার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ অন্যরা।
মন্তব্য করুন