ভারত সফর স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। বুধবার ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন তিনি। চলতি সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এটি তার চতুর্থ শতক।

ইনিংসের শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন হোপ। ৫০ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল চারটি চার ও নয়টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২০০।

এই ইনিংসে ক্রিস গেইল ও এভিন লুইসকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন হোপ। গেইল ও লুইসের সেঞ্চুরি দুটি করে। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ব্যাটার হিসেবে এই সংস্করণে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এর আগে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ৪৫ বলে অপরাজিত ১০২ রান করেছিলেন হোপ। ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচেও সেঞ্চুরি করেন ৩২ বছর বয়সী এই ব্যাটার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে ৭২ ইনিংস খেলে হোপের সংগ্রহ ২ হাজার ৪ রান। তার গড় ৩৩.৪০ এবং স্ট্রাইক রেট ১৪১.৮২। রোভম্যান পাওয়েল, নিকোলাস পুরান ও ব্র্যান্ডন কিংয়ের পর ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ব্যাটার হিসেবে দুই হাজার রানের ক্লাবে জায়গা করে নিয়েছেন তিনি।

হোপের এই সেঞ্চুরিতে ভর করে ভারতকে চ্যালেঞ্জ জানাতে ৩ উইকেটে ২৪৭ রানের বিশাল সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসে এটি কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। সব প্রতিপক্ষ মিলিয়ে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ সর্বোচ্চ রানও এটি।