ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অংশ নেন।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। এ ক্ষেত্রে সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে। শিক্ষার মান উন্নয়নে যেকোনো প্রয়োজনে তিনি শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবাহার, যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান, একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক নেতারা।
এ ছাড়া সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন