আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় তিনি বরিশাল বিভাগের অন্যতম বৃহৎ পূজামণ্ডপ আগৈলঝাড়া উপজেলার বারপাইকা সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন্দ্র কুমার বাইন, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ, পূজা কমিটির সভাপতি তপন সরকার বিন্দু, সাধারণ সম্পাদক সৈকত বাড়ৈসহ মন্দির কমিটির নেতারা।

পরিদর্শনকালে ডিআইজি পূজামণ্ডপ ঘুরে দেখেন, নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় তিনি আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি পূজামণ্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।