বরগুনার বামনায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বামনা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিখাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে নুরুল ইসলাম মনি বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্প সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা ও সামাজিক নিরাপত্তার সুফল পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটির সফল বাস্তবায়নে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সরকার কাজ করে যাচ্ছে। এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে অতিথিদের উপস্থিতিতে ফ্যামিলি কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
মন্তব্য করুন