রাজধানীর তেজগাঁওয়ের ২৫ নম্বর ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড শুমারি–২০২৬’-এর মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
সোমবার শাহীনবাগের শিয়া মাজারের ঢালসংলগ্ন হযরত আলী রোডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হন সংসদ সদস্য তুলি। তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মীরাও অনলাইনে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সানজিদা ইসলাম তুলি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রকৃত উপকারভোগী নির্ধারণ এবং কর্মসূচির কার্যকারিতা নিশ্চিত করতে তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা জরুরি।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সাধারণ মানুষ উদ্যোগটির সুফল পাবেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা আলহাজ এল রহমান, নুরুল হক নুরু, ‘মায়ের ডাক’-এর আন্তর্জাতিক সম্পাদক রিমোন ইসলাম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন