আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন ২০২৭ সালের ২৭ মে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ৭২৭টি এবং তৃতীয় ধাপে ২ মে ৭৯০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া চতুর্থ ধাপে আগামী ১৩ মে ৯৫১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে। পঞ্চম ও শেষ ধাপে বাকি ইউনিয়ন পরিষদগুলোতে ২৭ মে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়েছে। এতে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বৈঠক শেষে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ও সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।