ভারতের ধনকুবের মুকেশ আম্বানিকে ‘ভারতের আসল বস’ বলে কটাক্ষ করেছেন মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। একই সঙ্গে ভারতে নিজেদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর জন্য প্রতিযোগিতার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আম্বানিকে উদ্দেশ করে মাস্ক লেখেন, ‘আপনিই যে ভারতের আসল বস, তা বুঝতে না পারার জন্য আমার আন্তরিক ক্ষমা গ্রহণ করুন।’
পোস্টে আম্বানির ব্যবসায়িক প্রভাবের প্রসঙ্গ টেনে মাস্ক লেখেন, ‘স্বাভাবিকভাবেই, আপনি ভারতের জনগণকে আপনার একচেটিয়া আধিপত্যের আওতায় রাখতে চাইবেন। তবে তা সত্ত্বেও, আপনি কি স্টারলিংককে এখানে প্রতিযোগিতা করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করবেন?’
ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধার অভাবের বিষয়টিও তুলে ধরেন মাস্ক। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও অনেক এলাকা রয়েছে, যেখানে ইন্টারনেট সংযোগ নেই। এর ফলে শিশুরা শিক্ষার সুযোগ থেকে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বৈশ্বিক বাজারে পণ্য বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
মাস্কের দাবি, এসব এলাকায় স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করা গেলে মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
মন্তব্য করুন