মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক সরকার আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও এর সম্ভাব্য সমাধান এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা, জনবান্ধব আচরণ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, জনগণকে দ্রুত সেবা প্রদান এবং পুলিশের প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়। এ সময় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক সরকার আবদুল্লাহ আল মামুনের নাম ঘোষণা করা হয়।

পাশাপাশি পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তিনজন পুলিশ কর্মকর্তাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, জেলার সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।