একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা ও দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা বিভিন্নভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ শুরুর আগে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আগে থেকে সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না। এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।