হাম-রুবেলা ক্যাচ আপ ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর কড়াইল টিএন্ডটি খেলার মাঠে বিশেষ হাম-রুবেলা ক্যাচ আপ ক্যাম্পেইন-২০২৬-এর টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, একটি শিশুও যেন টিকা থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যেই মপ-আপ ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। প্রত্যন্ত ও দুর্গম এলাকার শিশু, প্রতিবন্ধী শিশু এবং আগের ধাপে টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়া হচ্ছে।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সিটি করপোরেশন ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থা এ কার্যক্রমে সহযোগিতা করছে।