২০২৮ সাল থেকে স্কুল পর্যায়েই শিক্ষার্থীদের নাচ, গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের মানবিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু মানুষের প্রতি নয়, প্রকৃতি, পশু-পাখির প্রতিও শিশুদের দয়া ও দায়িত্বশীল আচরণ শেখাতে হবে। অভিভাবকদেরও শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ ও বোধশক্তি তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শিশুদের প্রতিভা বিকাশের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যার যে বিষয়ে আগ্রহ, তাকে সেই প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। কেউ গান গাইতে চাইলে গান গাইবে, কেউ বাঁশি বা অন্য বাদ্যযন্ত্র বাজাতে চাইলে তা শিখবে। তিনিও একসময় গিটার বাজানো শুরু করলেও শেষ করতে পারেননি বলে উল্লেখ করেন।

তিনি বলেন, শিশুরা সঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি আরও শক্তিশালী হবে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশ এগিয়ে যাবে। সংস্কৃতির পাশাপাশি খেলাধুলায়ও শিশুদের উৎসাহিত করা হবে।

প্রধানমন্ত্রী জানান, প্রথমবারের মতো দেশে ২২ লাখ ছেলে-মেয়ে ফুটবলে অংশ নিয়েছে। তাদের মধ্য থেকেই ভবিষ্যতে ভালো খেলোয়াড় উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি শিশুদের গাছপালা, জীববৈচিত্র্য ও প্রাণীদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।