বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে একসঙ্গে ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। কেন্দ্রটির ইতিহাসে এটিই সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে প্রথম ইউনিট থেকে ৬৫৬ এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।

তিনি জানান, সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ ছিল। ত্রুটি মেরামতের পর ইউনিটটি পুনরায় চালু হলে দুই ইউনিট থেকেই নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। ২০২২ সালের ২৩ ডিসেম্বর প্রথম ইউনিট এবং পরের বছর ২৪ অক্টোবর দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যায়।

কেন্দ্রটির দুই ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। তবে সাধারণত দুই ইউনিট একসঙ্গে চালু থাকলে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।