পর্যটন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছেন ভ্রমণবিষয়ক ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’-এর প্রতিষ্ঠাতা ও সিইও নাঈম আবির। পর্যটন শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ, নীতি ও উন্নয়ন নিয়ে তথ্যভিত্তিক সাংবাদিকতার জন্য ‘সেরা পর্যটন সাংবাদিকতা’ ক্যাটাগরিতে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত নাঈম আবিরের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রথমবারের মতো এ পুরস্কারের আয়োজন করেছে।

নাঈম আবির দীর্ঘদিন ধরে পর্যটন, এভিয়েশন, হোটেল-রিসোর্ট, অভিবাসন ও ভ্রমণ খাত নিয়ে সাংবাদিকতা করছেন। তার প্রতিবেদনে পর্যটন শিল্পের সম্ভাবনার পাশাপাশি অবকাঠামোগত সীমাবদ্ধতা, নীতিগত জটিলতা এবং পর্যটক ও যাত্রীদের বিভিন্ন সমস্যাও উঠে এসেছে।

বর্তমানে স্টার নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত নাঈম আবির পর্যটন ও এভিয়েশনের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক বিষয় নিয়েও সাংবাদিকতা করছেন। পর্যটন ও ভ্রমণ খাতের তথ্য সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে তিনি ‘চেক ইন’ নামে ভ্রমণভিত্তিক ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠা করেছেন।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় নাঈম আবির বলেন, পর্যটন সাংবাদিকতার মতো বিশেষায়িত ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া তার জন্য আনন্দ ও গর্বের। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল, তথ্যভিত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতায় তাকে অনুপ্রাণিত করবে।

‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’-এ পর্যটন শিল্পের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংগঠনকে ১৬টি ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে পর্যটন উদ্যোক্তা, ট্যুর অপারেটর, হোটেল, বিনোদন পার্ক, তরুণ পর্যটন উদ্যোক্তা, ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর, নারী উদ্যোক্তা, ট্যুর গাইড ও সেরা পর্যটন সাংবাদিকতা ক্যাটাগরি রয়েছে।