আগামী বছরের রমজান শুরুর আগেই তিন ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে ইউপি নির্বাচন শুরু করার বিষয়ে কমিশন সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৮ বা ৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা থাকায় তার আগেই তিন ধাপের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
ইসি সূত্র জানায়, প্রথম ধাপের ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। প্রথম ধাপে ৬০ জেলার সদর উপজেলা ও আশপাশের নির্বাচিত উপজেলার সব ইউনিয়নে ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে। কোন কোন উপজেলা নির্বাচনের আওতায় আসবে, তা আইন ও মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় চূড়ান্ত করবে ইসি সচিবালয়।
এর আগে আগামী নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর কথা জানিয়েছিল ইসি। গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ১২ নভেম্বর প্রথম ধাপের ভোট আয়োজনের আশা রয়েছে। তবে আন্তমন্ত্রণালয় সভায় নভেম্বর-ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা, জাতীয় দিবস ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার বিষয়টি তুলে ধরে জানুয়ারিতে নির্বাচন আয়োজনের পরামর্শ দেওয়া হয়।
ইসি সচিবালয়ের নির্বাচনী শাখা সূত্র জানিয়েছে, আগে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নিয়ে প্রস্তুতি চললেও এতে কিছু পরিবর্তন আসতে পারে। আদালতের নির্দেশনা থাকা কয়েকটি ইউনিয়নও প্রথম ধাপের ভোটে অন্তর্ভুক্ত হতে পারে। কোন কোন উপজেলার ইউপিতে ভোট হবে, তা কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের পর নির্ধারিত হবে।
মন্তব্য করুন