সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো থেকে রুফটপ সোলার ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, তিন উপজেলায় সরকারি ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট বা প্রায় ০.৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। নেট মিটারিং ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহৃত হবে। উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

এর মধ্যে ফুলগাজীর আটটি সরকারি স্থাপনায় ২৪৯ কিলোওয়াট, ছাগলনাইয়ার ১২টি স্থাপনায় ৪১৫ কিলোওয়াট এবং পরশুরামের ছয়টি স্থাপনায় ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে।

প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি) দেওয়া হয়েছে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন জানান, তিন উপজেলায় প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হতে পারে।

উদ্বোধন অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।