গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া ও বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া এলাকার পলাশের পয়েন্ট এবং রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর এলাকার রুস্তমের পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো মেশিন ও বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন, নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।