মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোরভাবে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই; অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশ দেন।
আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। মাদক কারবার ও বিস্তার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেন আইজিপি। একই সঙ্গে গুজব ও অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান কিশোর গ্যাংয়ের বিষয়ে তথ্য সংগ্রহ এবং তাদের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি রয়েছে কি না, তা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিটি ইউনিটকে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নেরও নির্দেশ দেওয়া হয়।
সভায় আগস্ট মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ, অপহরণ ও পুলিশ আক্রান্তের ঘটনাসহ বিভিন্ন মামলার তদন্ত, গ্রেপ্তারি পরোয়ানা, বিচার ও সাজার হার নিয়ে আলোচনা হয়। দেশের বিভিন্ন মহানগর, রেঞ্জ ও জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
মন্তব্য করুন