ভারতের যোধপুর বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) পরিচালনায় শুরু হয়েছে বহুদেশীয় সামরিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’। ‘অংশীদারিতে শক্তি’ প্রতিপাদ্য নিয়ে ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এ মহড়া চলবে।

ভারতসহ আটটি দেশের বিমানবাহিনীর অংশগ্রহণে আয়োজিত এ মহড়ার মূল লক্ষ্য পারস্পরিক সামরিক সহযোগিতা বৃদ্ধি ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়। এতে ভারত ছাড়াও বাংলাদেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি ও শ্রীলঙ্কা অংশ নিচ্ছে।

‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় এফ-৩৫, রাফাল ও এফ-১৬ যুদ্ধবিমানসহ বিভিন্ন উন্নত সামরিক ও জ্বালানি সরবরাহকারী বিমান অংশ নিয়েছে। পাশাপাশি মহাকাশ নিরাপত্তা ও আধুনিক কৌশলগত পরিকল্পনা নিয়েও অংশগ্রহণকারী দেশগুলোর কর্মকর্তা ও কর্মীরা যৌথভাবে কাজ করছেন।

সামরিক অনুশীলনের পাশাপাশি অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিদের জন্য ঐতিহ্যবাহী স্থান ও শিল্প এলাকা পরিদর্শন, সেমিনার এবং সাংস্কৃতিক বিনিময়ের আয়োজন রাখা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।