মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের রায়পরান, কেদারপুর চা বাগান ও দিনারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানকালে মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেদারপুর চা বাগানের দিনারপুর ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় জুনেল ঝরা (৩০) ও সোহাগ মুন্ডা (২৪) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক জুনেল ঝরা কেদারপুর চা বাগানের স্কুল লাইনের পবণ ঝরার ছেলে এবং সোহাগ মুন্ডা দিনারপুর চা বাগানের দশঘর এলাকার গোপাল মুন্ডার ছেলে।
পরে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। উভয় মামলায় প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে শ্রীমঙ্গলের সব সচেতন নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান।
মন্তব্য করুন