আধুনিক বন্দর, দক্ষ নাবিক, শক্তিশালী নিয়ন্ত্রণব্যবস্থা ও নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন নৌপরিবহন, রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিশ্ব নৌ দিবস-২০২৬ উপলক্ষে নৌপরিবহন অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘নীতি থেকে বাস্তব প্রয়োগ: নৌ খাতে উৎকর্ষতা অর্জন’।
মন্ত্রী বলেন, শুধু আন্তর্জাতিক নৌ-চুক্তিতে যোগদান বা আইন প্রণয়ন করলেই হবে না; এর সুফল নিশ্চিত করতে নিরাপদ জাহাজ, আধুনিক ও পরিচ্ছন্ন বন্দর, দক্ষ নাবিক, কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা এবং টেকসই নৌবাণিজ্যের ওপর গুরুত্ব দিতে হবে।
দেশের সামুদ্রিক খাতকে নিরাপদ, আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাসক্ষম করে গড়ে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বন্দরগুলোর আধুনিকায়ন, স্বয়ংক্রিয়করণ ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পণ্য খালাসের সময় কমিয়ে আনার কথাও জানান তিনি।
নৌপরিবহন অধিদফতরের নিয়ন্ত্রণ ও পরিদর্শন সক্ষমতা বাড়ানো এবং পতাকাবাহী রাষ্ট্র ও বন্দর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। নিরাপত্তা ও পরিবেশগত মান কার্যকরভাবে বাস্তবায়নের কথাও জানান তিনি।
শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের নাবিকরা দেশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধি। তাদের কল্যাণ, প্রশিক্ষণ, সনদায়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অভ্যন্তরীণ নৌপথ ও উপকূলীয় নৌপরিবহনের টেকসই উন্নয়ন, নদীদূষণ প্রতিরোধ এবং নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।
মন্তব্য করুন