ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় ড্রেন ও সড়কের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন, পৌরসভা ও পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে হাইড্রলিক হর্ন ব্যবহারের দায়ে বরিশাল-খুলনা রুটের ‘আল কায়েদ’ পরিবহনের একটি বাসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মোড় এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে ড্রেনের ওপর নির্মিত দুটি দোকান ও দোকানের সামনের চালাসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে সড়ক ও ড্রেনের দখলমুক্ত জায়গা পুনরুদ্ধার হওয়ায় জনসাধারণের চলাচল ও পানি নিষ্কাশনের পথ স্বাভাবিক হয়।

অভিযান শেষে উচ্ছেদ করা স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। জেলা প্রশাসনের সঙ্গে এ কাজে অংশ নেন বিডি ক্লিন ঝালকাঠির স্বেচ্ছাসেবকেরা।

জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি জায়গা, সড়ক ও ড্রেন দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, পানি নিষ্কাশনব্যবস্থা সচল ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।