উত্তর আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নর’ইস্টারের প্রভাবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের নিউজার্সি, নিউইয়র্ক, কানেকটিকাট ও পেনসিলভেনিয়ায় প্রবল বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতির অবনতিতে নিউইয়র্ক ও নিউজার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শুক্রবার ঝড়টি স্থলভাগে উঠে আসার পর ওয়াশিংটন ডিসি থেকে মাইন পর্যন্ত পূর্ব উপকূলের ১৪টি অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় এর প্রভাব পড়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চার অঙ্গরাজ্য।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ঝড়ের পর চার অঙ্গরাজ্যে ১ লাখ ১৯ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিটি অঙ্গরাজ্যেই ২৫ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।
ঝড়ের কারণে পূর্ব উপকূলের ১৪ অঙ্গরাজ্যে ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল হয়েছে এবং আরও প্রায় ২ হাজার ৪০০ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার পর্যন্ত নর’ইস্টারের প্রভাবে উপকূলীয় বন্যা, তীব্র দমকা হাওয়া, ভারী বৃষ্টিপাত ও বিপজ্জনক রিপ কারেন্ট অব্যাহত থাকতে পারে।
মন্তব্য করুন