বরিশালের আগৈলঝাড়ায় ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের নেতৃত্বে রাজিহার ইউনিয়নের বাশাইল বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি করা হয়।
অভিযানে উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সারোয়ার হোসেন মিয়াসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের অন্যতম কারণ। তাই বাজারসহ আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন