ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশে অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

শনিবারও (২৬ সেপ্টেম্বর) বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিন রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।