পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত এলাকায় সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ সতর্কতা জারি করে। মক্কার পাশাপাশি ইয়ানবু, তায়েফ, জেদ্দা ও তাবুক অঞ্চলেও পৃথক সতর্কবার্তা পাঠানো হয়। তবে কয়েক মিনিটের মধ্যেই সতর্কতা তুলে নেওয়া হয়।
সৌদি কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কা তৈরি হলে ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ ধরনের সতর্কবার্তা দেওয়া হয়।
কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই এ সতর্কতা জারি করা হয়। গত সপ্তাহে মক্কাকে লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলার চেষ্টা চালানোর অভিযোগ করেছিল রিয়াদ। তবে অভিযোগ অস্বীকার করেছে হুতিরা।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুতিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর ফলে সৌদিসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিবহনের নৌপথেও ঝুঁকি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন