গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি গাজাকে বর্তমান সময়ের ‘সবচেয়ে অমানবিক কনসেন্ট্রেশন ক্যাম্প’ হিসেবে উল্লেখ করেন। এরদোগান অভিযোগ করেন, যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেও গাজায় বেসামরিক মানুষের ওপর হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যামূলক মানসিকতা’র অভিযোগ তুলে বিশ্বনেতাদের এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট।

এরদোগান বলেন, মানবতা, করুণা ও বিবেকসম্পন্ন কেউ গাজার পরিস্থিতির সামনে চোখ বন্ধ করে থাকতে পারে না। তাঁর বক্তব্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়েও সমালোচনা উঠে আসে।

গাজার চলমান মানবিক সংকট, বেসামরিক মানুষের দুর্ভোগ এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতেই তিনি এ বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়।