ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস।

ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইইউর পদক্ষেপের অন্যতম প্রধান ভিত্তি। এর মাধ্যমে মস্কোর যুদ্ধের অর্থায়ন সীমিত করার চেষ্টা করা হচ্ছে।

কালাস বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা দ্রুত শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর দ্রুতই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি নিষেধাজ্ঞাগুলো দীর্ঘ সময় বহাল রাখার প্রয়োজনীয়তার কথাও জানান।

তিনি বলেন, রাশিয়ার বিষয়ে ইইউর অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নতুন একটি নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়েও কাজ চলছে।

তবে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো নিয়ে ইইউর সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা চলছে। কয়েকটি দেশ ইইউর কালো তালিকা থেকে কিছু ব্যক্তির নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছে।