আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বরিশালের উজিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি এ এফ এম শামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ সিকদার, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিঠু, হাফিজুর রহমান, কালাম ফরাজী ও সবুজ খানসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি এ এফ এম শামসুদ্দোহা আজাদ ও পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে মিছিল ও সহিংসতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত বা দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার কোনো উদ্যোগ মেনে নেওয়া হবে না। একই সঙ্গে নেতাকর্মীদের উসকানিতে না গিয়ে ধৈর্য ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।
সমাবেশে উজিরপুর উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন