জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দূরপাল্লা ও মহানগর এলাকায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠকে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং রাজধানীসহ মহানগর ও শহর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়।
বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা অংশ নেন। বিআরটিএ সূত্র জানায়, ভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর হবে।
রোববার রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। এবার অন্যান্য পরিচালন ব্যয় বিবেচনায় না নিয়ে শুধু জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।
এর আগে এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। নতুন প্রস্তাব কার্যকর হলে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং দূরপাল্লার বাসের ভাড়া আরও বাড়বে।
মন্তব্য করুন