জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের জাতিসংঘ মিশন ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। একই সময়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপি নেতাকর্মী ও বাংলাদেশিরা বিমানবন্দরের বাইরে তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জাতিসংঘ সফরে তার নেতৃত্বে ৩৮ সদস্যের প্রতিনিধি দল রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অতীতে বাংলাদেশের সরকারপ্রধানরা শতাধিক সদস্যের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘ অধিবেশনে গেলেও এবারের দলটি তুলনামূলকভাবে ছোট।
নিউইয়র্কে পৌঁছে প্রধানমন্ত্রী গ্র্যান্ড হায়াত হোটেলে ওঠেন। চার দিনের সফরে তিনি জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচি ও বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। তার বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
সফরকালে জাতিসংঘ মহাসচিবের আয়োজিত কর্মসূচি, সাধারণ পরিষদের অধিবেশন এবং বিভিন্ন সাইডলাইন বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন