বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম শিক্ষা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘চীন-বাংলাদেশ প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, দেশের সুনীল অর্থনীতি নিয়ে গবেষণায় গতি আনতে কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগে বাংলাদেশ ও চীনের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।
তিনি বলেন, জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করা সরকারের অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে একাডেমিয়া ও শ্রমবাজারের মধ্যে সংযোগ তৈরিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ।
অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রবাসী আয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী দক্ষ শ্রমশক্তি তৈরিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়ার কথা জানান। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।
মন্তব্য করুন