মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাসা থেকে বিষধর পদ্ম গোখরা সাপ (Monocled Cobra) উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন কোয়ার্টারে উত্তম আচার্য নামে কালিঘাট চা বাগানের এক কম্পিউটার অপারেটরের বাসায় সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। সাপটি দেখতে পেয়ে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি শনাক্ত করেন। তারা সাপটিকে পদ্ম গোখরা (Monocled Cobra) বলে শনাক্ত করেন। এর বৈজ্ঞানিক নাম Naja kaouthia। এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ।

পরে স্বপন দেব সজল ও রাজদীপ দেব দীপ সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। উদ্ধার করা পদ্ম গোখরা সাপটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।