ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মানুষের আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখতে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতা ও সোশ্যাল মিডিয়া কমিউনিকেটরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রস্তুত রয়েছে। তিন হাজার চিকিৎসককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি স্যালাইনের সরবরাহ ও হাসপাতালের বেড প্রস্তুত রাখা হয়েছে। তবে শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণ ঠেকানো সম্ভব নয়; এজন্য মানুষের আচরণগত পরিবর্তন প্রয়োজন।

তিনি বলেন, সাধারণ মানুষ কনটেন্ট ক্রিয়েটরদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তাই ঘরবাড়ি পরিষ্কার রাখা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে তাদের সৃজনশীলভাবে কাজ করা প্রয়োজন।

সভায় জানানো হয়, গতানুগতিক সরকারি প্রচারণার বাইরে গিয়ে জনগণের মধ্যে ইতিবাচক আচরণগত পরিবর্তন আনতে জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের সম্পৃক্ত করতে চায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৈঠকে আগামী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির সমন্বিত রূপরেখা নিয়ে আলোচনা করে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটর ও এজেন্সিগুলোকে শিগগিরই তাদের প্রাথমিক ধারণা ও রূপরেখা জমা দিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ডিজিটাল ক্যাম্পেইনের কনটেন্ট প্রচার শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।