মেট্রোরেলের পিলারে ফাটল ও বিয়ারিং প্যাডে ত্রুটির ঘটনায় গাফিলতি, অবহেলা বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এমআরটি লাইন-৬-এর বর্তমান পরিস্থিতি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মেট্রোরেলকে দ্রুত নিরাপদ ও নির্ভরযোগ্য অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে। তদন্তে কোনো ত্রুটি, অবহেলা বা দুর্নীতির কারণে দুর্বলতা তৈরির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।
সম্প্রতি উত্তরা-মতিঝিল রুটের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল এবং ২৭টি বিয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল ত্রুটিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। এসব ত্রুটি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণে বুয়েটকে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
মেট্রোরেলের নিরাপত্তা ও মান নিশ্চিত করতে নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কমপ্লায়েন্সের আওতায় আনার কথা জানিয়ে সাকি বলেন, আন্ডারগ্রাউন্ড অংশের কাজের কারণে কোনো স্থাপনায় ক্ষতি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণের পাশাপাশি তিন বছর মেরামতের দায়িত্ব নিতে হবে।
প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তা ও প্রযুক্তির মান বাড়াতে নতুন কিছু বিষয় যুক্ত হওয়ায় প্রকল্পের খরচ কিছুটা বেড়েছে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি প্রযুক্তি ও দক্ষতা হস্তান্তর নিশ্চিত করতেও কাজ করা হচ্ছে।
মন্তব্য করুন