ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই বিলুপ্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নতুন নামে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ হিসেবে কার্যক্রম শুরু করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ। তিনি বলেন, র্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নামে গেজেট হয়েছে এবং বুধবার থেকে নতুন নামেই সব কার্যক্রম শুরু হয়েছে।
এদিন সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে ব্যবহৃত বাহিনীর লোগোতেও র্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা দেখা যায়। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন করা হয়নি।
এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাস হয়। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর তা আইনে পরিণত হয়।
২০০৪ সালের ২৬ মার্চ র্যাব গঠনের পর আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানে বাহিনীটি ভূমিকা রাখলেও বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দীর্ঘদিন ধরে সমালোচনা ছিল। ২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর র্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটি। এর ধারাবাহিকতায় কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করে র্যাবের পরিবর্তে এসআরবি নামে নতুনভাবে বাহিনীটির কার্যক্রম শুরু হলো।
মন্তব্য করুন