“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাইবান্ধায় বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ৩টায় গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গাইবান্ধার আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গাইবান্ধার সভাপতি এম. আবদুস্ সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাং নুরুল হুদা এবং দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপপরিচালক মোঃ শাওন মিয়া।
বক্তারা বলেন, একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। শৈশব থেকেই শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখবে। তারুণ্যের সম্মিলিত শক্তির মাধ্যমেই ভবিষ্যতে একটি শুদ্ধাচারভিত্তিক সোনার বাংলাদেশ গড়ে উঠবে।
আলোচনা পর্ব শেষে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, ট্রফি ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন