দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯০২ জনসহ মোট ১ হাজার ২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে দুজন ও ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ১১৯ জন রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকা বিভাগে ৪৯৬ জন, চট্টগ্রামে ২২০, সিলেটে ১৮৩, বরিশালে ১৩৮, খুলনায় ৫৯, ময়মনসিংহে ৪১, রাজশাহীতে ৩৫ এবং রংপুরে ১৭ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।
এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯০৪ জন।
মন্তব্য করুন