ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আনুমানিক ৭ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল উদ্ধার করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।আজ মঙ্গলবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য দফতর সূত্রে জানা গেছে, মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিষখালী নদীসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীর তীরে ও পানিতে পাতা অবস্থায় নিষিদ্ধ চরঘরা, বেহেন্দি ও চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব জালের বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মকবুল হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে বর্ষা মৌসুমে ইলিশ ও অন্যান্য মাছের ডিম পাড়ার সময় এই অভিযান আরও জোরদার করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন বলেন, যারা অবৈধ উপায়ে মাছ ধরে মৎস্য সম্পদ ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের স্বার্থে এবং মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।