শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে পৃথক দুটি মামলায় তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের বিষয়টি যাতে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেভাগে জানতে না পারে, সে জন্য সিএনজিচালিত অটোরিকশাযোগে পৃথক একটি দলকে সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিদর্শনের জন্য পাঠানো হয়। তবে কয়েকজন অবৈধ বালু উত্তোলনকারী অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়।
পরে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অভিযান চালানোর সময় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় সিপেন কুর্মী (২৮) ও বিশ্বনাথ কুর্মী (২৬) নামে দুজনকে হাতেনাতে আটক করা হয়। সিপেন কুর্মী দক্ষিণ সাইটুলা গ্রামের বলরাম কুর্মীর ছেলে এবং বিশ্বনাথ কুর্মী একই এলাকার কুশল কুর্মীর ছেলে। তারা দুজনই আশিদ্রোন ইউনিয়নের বাসিন্দা।
আটক দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে উভয় মামলায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান।
মন্তব্য করুন