রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সমস্যা নয়, এটি বাংলাদেশের জন্য বড় চাপ তৈরি করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ) আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করায় দেশের ওপর চাপ ক্রমেই বাড়ছে। একই সঙ্গে সংকটটির প্রভাব বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে শুধু মানবিক সহায়তা অব্যাহত রাখাই যথেষ্ট নয়; তাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে কৌশল নির্ধারণ প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতিসংঘসহ প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে রোহিঙ্গা সংকটের দিকে আরও কার্যকরভাবে নজর দিতে হবে। বিশ্বের অন্যান্য সংকটের আড়ালে যেন রোহিঙ্গা ইস্যুটি চাপা না পড়ে, সেদিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতায় বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।