গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে কর্মসূচির পাশাপাশি সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের দাবিতে বিরোধীরা লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে পারেন। তবে সংকট মোকাবিলায় কীভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়, কোথা থেকে তা সংগ্রহ করা সম্ভব এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন—সে বিষয়ে বিকল্প পরিকল্পনা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা উচিত।
তিনি বলেন, সংসদে সরকারের সমালোচনা করা এবং সংসদের বাইরে বিভিন্ন কর্মসূচি পালন করা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তবে এর পাশাপাশি সংকট সমাধানে পরামর্শ দেওয়াও প্রয়োজন। তাঁর মতে, কোনো ধরনের অচলাবস্থা তৈরি না করে সংকট মোকাবিলায় কার্যকর পরিকল্পনা প্রয়োজন।
গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, বর্তমান সংকটের সঙ্গে বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার পরিস্থিতির সম্পর্ক রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় আমদানিতে প্রভাব পড়েছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকা নিয়েও বক্তব্য দেন রিজভী। তাঁর ভাষ্য, গান ও নৃত্য আন্দোলনে অংশ নেওয়া মানুষের মধ্যে উদ্দীপনা তৈরিতে ভূমিকা রেখেছিল।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এ ছাড়া বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমদ উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান (সাইদ সোহরাব) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন