কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠানোর প্রস্তুতি শুরু করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার (৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসবিএসকে জানান, হরমুজ প্রণালিতে নৌবাহিনী মোতায়েনের জন্য সুনির্দিষ্ট প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিক পরিকল্পনায় পি-৮ সামুদ্রিক টহল বিমান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল ও একটি রসদ সহায়তা জাহাজ রাখার কথা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অভিযানের ঘাঁটি ও পরিচালনাস্থল নির্ধারণে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। তবে সেনা মোতায়েনের আগে জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত, মন্ত্রিসভার অনুমোদন ও জাতীয় সংসদের সম্মতি প্রয়োজন হবে।

এর আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শেষ হওয়ার পরই হরমুজ প্রণালিতে সেনা পাঠানো হবে। তবে ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়ার পরিধি কমানোর কারণে দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: আনাদোলু এজেন্সি